বাঁচা-মরার লড়াইয়ে আজ ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান: হারলেই বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ ভাগ্যনির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ইংল্যান্ড। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই বাবর-রিজওয়ানদের সামনে। অন্যদিকে, এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের পথ অনেকটা পরিষ্কার হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। হাই-ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৭টায়।

এবারের বিশ্বকাপে পারফরম্যান্সের চেয়েও মাঠের বাইরের নানা ইস্যুতে বেশি আলোচনায় ছিল পাকিস্তান। আসর বর্জন কিংবা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকির মতো ঘটনায় উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। তবে মাঠের ক্রিকেটে সেই দাপট দেখাতে ব্যর্থ হয়েছে দলটি। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় দিয়ে আসর শুরু করলেও যুক্তরাষ্ট্রের কাছে চ্যালেঞ্জের মুখে পড়ে তারা। এমনকি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বিধ্বস্ত হয়ে বড় লজ্জার মুখে পড়তে হয়েছে পাকিস্তান দলকে। একমাত্র নামিবিয়ার বিপক্ষেই দাপুটে জয় পেয়েছে তারা।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল। তবে একবারও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পায়নি পাকিস্তান। এবারের আসরে সাইম আইয়ুব ও বাবর আজমদের ব্যাটে নেই কাঙ্ক্ষিত রান। তবে ব্যাটিং বিপর্যয় নিয়ে চিন্তিত নন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শাহিবজাদা ফারহান।

ফারহান আত্মবিশ্বাসের সাথে বলেন, “শ্রীলঙ্কান স্পিনারদের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটাররা বেশ ভুগেছে। আমাদের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। বিশেষ করে উসমান তারিককে নিয়ে অন্য দলগুলো বাড়তি দুশ্চিন্তায় আছে, যা আমাদের জন্য ইতিবাচক।”

অন্যদিকে, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে ইংল্যান্ড। নতুন বলে গতির ঝড় তুলতে প্রস্তুত জফরা আর্চার। স্পিন ও অলরাউন্ড নৈপুণ্যে আদিল রশিদ ও স্যাম কারানরা রয়েছেন দারুণ ছন্দে। ব্যাটিংয়ে জস বাটলার রানে ফিরতে মরিয়া থাকলেও হ্যারি ব্রুক ও উইল জ্যাকসরা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *