ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সংসদীয় কার্যক্রম শুরুর প্রাক্কালে বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা চলছে এবং এরই অংশ হিসেবে বিএনপি জামায়াতকে এই প্রস্তাব দিয়েছে।
সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, পরিষদের সদস্যরা সরাসরি জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি বলেন, “জাতীয় সংসদে শুধুমাত্র নির্বাচিত সংসদ সদস্যরা অংশগ্রহণ করার অধিকার রাখেন।”
রাজনীতিতে চলমান আলোচনা সম্পর্কে তিনি মন্তব্য করেন:
“সংবিধান সংস্কার নিয়ে রাজনীতির মাঠে যেসব আলোচনা বা দাবি উঠছে, সেটিকে রাজনৈতিক অধিকার হিসেবে দেখা যেতে পারে। তবে আমরা অসাংবিধানিক কোনো বিষয় জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না।”
গণভোট ও পরবর্তী প্রক্রিয়া –
সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের রায় অনুযায়ী যদি কোনো সংস্কার পরিষদ গঠন করতে হয়, তবে তা আগে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও জানান, সংসদে আলোচনার পর প্রয়োজনীয় সংবিধান সংশোধনী আনতে হবে। সংশোধনীটি সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পরই চূড়ান্ত হবে যে—সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া কী হবে এবং এই পরিষদের সদস্যদের শপথ কে পাঠ করাবেন।
