রাজধানী ঢাকার চিরচেনা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশিষ্ট অধ্যাপক ও গণপরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল অংশ নেন। প্রধানমন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট দূরীকরণে তাদের সুনির্দিষ্ট মতামত ও কারিগরি পরামর্শ শোনেন। ঢাকার রাস্তাঘাটের বর্তমান অবস্থা এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।
জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল সংস্কার –
যানজট ইস্যুর পাশাপাশি শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এই প্রকল্পের নকশা ও উন্নয়নের ব্যাপারে স্থপতিদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিকল্পনা পর্যবেক্ষণ করেন।
মন্ত্রীদের সাথে পৃথক বৈঠক –
এদিন প্রধানমন্ত্রী প্রশাসনিক কাজেও ব্যস্ত সময় পার করেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
