ভারতের কাছে হার ও বিশ্বকাপ বিপর্যয়: পাকিস্তান ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা!

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ এবং বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর বড় শাস্তির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। জানা গেছে, বাজে পারফরম্যান্সের দায়ে দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের কাছে ৬১ রানে হারের পরপরই এই কঠোর আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে আর কোনো বড় শিরোপা জিততে না পারা এবং টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় পিসিবি ম্যানেজমেন্ট এখন চরম ক্ষুব্ধ।

পিসিবি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ক্রিকেটাররা এখন থেকে কেবল পারফরম্যান্স অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। অর্থাৎ, মাঠে পারফর্ম করলে মিলবে মোটা অঙ্কের বোনাস, আর ব্যর্থ হলে গুনতে হবে জরিমানা। কর্মকর্তাদের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে—পুরস্কারের পাশাপাশি শাস্তির বিধানও এখন থেকে নিয়মিত কার্যকর হবে।

দলের সামগ্রিক পারফরম্যান্স ‘যাচ্ছেতাই’ হলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন কয়েকজন। এই তিন ক্রিকেটার সম্ভাব্য শাস্তির আওতামুক্ত থাকতে পারেনঃ-
সাহিবজাদা ফারহান: আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৮৩ রান)। তিনি বিরাট কোহলির (২০১৪ আসরে ৩১৯ রান) রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন।
ফখর জামান: মাত্র ২ ম্যাচে ১০৯ রান (স্ট্রাইকরেট ১৮৭)।
উসমান তারিক: ৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট (গড় ১৪.১০)।

অন্যদিকে, দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শাদাব খান ৬ ইনিংসে করেছেন মাত্র ১১৮ রান এবং শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ৮টি উইকেট, যা প্রত্যাশার তুলনায় অনেক কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *