ঠাকুরগাঁওয়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির যাত্রা শুরু; ৫৯০ দরিদ্র নারীর মুখে হাসি

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারের বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এই পাইলট প্রকল্পের আওতায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ জন দরিদ্র নারীকে সুবিধাভোগী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা. আব্দুস সালাম এবং জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম জানান, একটি বিশেষ কমিটির মাধ্যমে প্রতিটি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে প্রাথমিক জরিপ চালানো হয়। প্রাথমিকভাবে ১ হাজার ৩৫ জনের নাম এলেও আইডি কার্ডের জটিলতা কাটিয়ে ১ হাজার ১০ জনের তথ্য সার্ভারে আপলোড করা হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় স্কোরের ভিত্তিতে স্বচ্ছতার সাথে ৫৯০ জন যোগ্য নারীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

কার্ড হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রহিমানপুর গ্রামের ৫০ বছর বয়সি মারজিনা বেগম। তিনি বলেন, “স্বামী স্থায়ী কাজ করেন না, এই কার্ড পাওয়ায় চাল-ডাল কেনার চিন্তা কিছুটা কমল।” এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিন সন্তানের জননী রাজিয়া সুলতানাও জানান, এই ভাতার টাকা সন্তানদের পড়াশোনা ও সংসার চালাতে বড় জোগান দেবে।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, তথ্যের যথার্থতা নিশ্চিত করতে প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। দেশের ১৪টি উপজেলায় চলমান এই পাইলট প্রকল্পের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে এ কর্মসূচি চালু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *