নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ: ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার (১০ মার্চ) সকালে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্পের আওতায় দেশের নির্দিষ্ট এলাকাগুলোর দরিদ্র পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে।

উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিম্ন আয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের ফলে মাঝপথে অর্থ লোপাটের কোনো সুযোগ থাকবে না। প্রকৃত দুস্থরাই এই সুবিধা পাবেন।” উদ্বোধনের সঙ্গে সঙ্গেই তালিকায় থাকা ৩৭ হাজার ৫৬৭ জন নারীর ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে নির্ধারিত টাকা জমা হয়ে গেছে।

প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, মাঠ পর্যায়ে নিবিড় যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এই তালিকা করা হয়েছে, ফলে এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।

নির্বাচিত নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। তবে এই সুবিধা চলাকালীন তিনি সরকারের অন্য কোনো ব্যক্তিগত ভাতা পাবেন না। তবে পরিবারের অন্য সদস্যরা যদি কোনো সুবিধা পেয়ে থাকেন, তা বহাল থাকবে। বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, শিক্ষা, বাসস্থান ও গৃহস্থালি সামগ্রী যাচাই করে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *