বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল) আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই টুর্নামেন্টের মাঠের লড়াই।
প্রাথমিক পর্যায়ে তিনটি দল নিয়ে শুরু হচ্ছে এই আসর। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে বিসিবি ইতোমধ্যে টুর্নামেন্টের প্রাথমিক সূচি চূড়ান্ত করেছে। প্রতিটি দলে দেশি তারকাদের পাশাপাশি মাঠ মাতাবেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও।
টুর্নামেন্টের প্রথম অংশ অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের ক্রিকেটের প্রাণকেন্দ্র বগুড়ায়। ৪, ৫ ও ৬ এপ্রিল তিনটি ম্যাচ হবে শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় পর্বের জন্য দলগুলো উড়াল দেবে চট্টগ্রামে। সেখানে ৯, ১০ ও ১১ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিবর্তে এম এ আজিজ স্টেডিয়ামে হবে পরবর্তী তিনটি ম্যাচ। দুই ভেন্যুর লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল আগামী ১৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলবে। বৃষ্টির শঙ্কা মাথায় রেখে ১৫ এপ্রিল রাখা হয়েছে ‘রিজার্ভ ডে’।
দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত থাকা বগুড়াবাসীর মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানান, মাঠ প্রস্তুত করার কাজ দ্রুতগতিতে চলছে। কিউরেটর ও গ্রাউন্ডসম্যানদের পাশাপাশি মিডিয়া বক্স ও স্টেডিয়ামের আশপাশের রাস্তা সংস্কারের কাজও শুরু হয়েছে।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, নারী বিপিএলের প্রতিটি ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। গ্যালারিতে বসে খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থা থাকবে, যার মূল্য শিগগিরই বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে।
