মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ (Control Room) স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের ৭ম তলায় এই নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে। আজ ১০ মার্চ থেকে আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি চালু থাকবে। প্রবাসীদের সেবা দিতে তিন শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
সার্বিক ব্যবস্থাপনা ও তদারকি ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে থাকছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
]দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করবেন। প্রবাসীদের নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। মূলত প্রবাসীদের জরুরি সহায়তা প্রদান এবং তথ্য সমন্বয়ের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
