ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই নজিরবিহীন হট্টগোল ও প্রতিবাদী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ শুরু হওয়ার পরপরই এর বিরোধিতা করে সংসদ কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা।
অধিবেশনের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানালে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো’—এমন সব কড়া স্লোগান লেখা ছিল।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন, তখনও বিরোধী দলীয় সদস্যদের হইচইয়ের মুখে পড়েন। স্পিকার বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও প্রতিবাদ থামেনি। হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি তাঁর ভাষণ শুরু করলে জামায়াতের সংসদ সদস্যরা স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।
সংসদীয় গণতন্ত্রের নতুন এই যাত্রার প্রথম দিনেই প্রধান বিরোধী দলের এমন কঠোর অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
