জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাঁর রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। স্পিকার হিসেবে নিজের নিরপেক্ষতা বজায় রাখতে এবং সংসদীয় গণতন্ত্রের মর্যাদা রক্ষায় তিনি এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিরতির পর সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু হলে স্পিকার মেজর হাফিজ নিজেই এই ঘোষণা দেন। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং এই সংসদ সেই গণতন্ত্রের প্রতীক। আমি দায়িত্ব গ্রহণের পর নিরপেক্ষতার খাতিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি।” এ সময় তিনি সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এর আগে বেলা ১১টায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হওয়ার পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। একই দিনে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনের শুরুতে সংসদ নেতা তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন, যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সমর্থন করেন। এই ঐক্যমত্যের পরিবেশেই মেজর হাফিজ স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব পালনে রাজনৈতিক পরিচয় ত্যাগের ঘোষণা দিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।
