সাধারণ মানুষ না পেলেও নতুন টাকা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের জন্য বাজারে নতুন নোট না ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সাধারণ নাগরিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হলেও কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন টাকার বিশেষ ব্যবস্থা করেছে।

বাংলাদেশ ব্যাংকের এক অভ্যন্তরীণ অফিস আদেশ অনুযায়ী, গত রোববার (৮ মার্চ) থেকে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন নোট বিতরণ শুরু হয়েছে। আজ ১২ মার্চ পর্যন্ত তারা এই সুবিধা পাবেন। কেন্দ্রীয় ব্যাংকের এমন দ্বিমুখী সিদ্ধান্তে খোদ ব্যাংকের ভেতরেই অনেক কর্মকর্তা সমালোচনা করছেন।

অফিস আদেশের তথ্যমতে, নির্বাহী পরিচালক থেকে শুরু করে যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা প্রত্যেকে ১ লাখ ৮৩ হাজার টাকার সমপরিমাণ নতুন নোট নিতে পারবেন। এছাড়া পরিচ্ছন্নতাকর্মী ও কর্মচারীরা সর্বোচ্চ ৬৮ হাজার টাকা পর্যন্ত নতুন নোট নেওয়ার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এবার ঈদের আগে নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবছর ঈদ সালামির জন্য নতুন নোটের ব্যাপক চাহিদা থাকলেও এবার মতিঝিল বা গুলিস্তানের ফুটপাতে সেই জমজমাট ব্যবসা দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ যখন নতুন টাকার জন্য হাহাকার করছেন, তখন কেন্দ্রীয় ব্যাংকের এমন ‘নিজস্ব সুবিধা’র বিষয়টি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *