খামেনি নিহত হলেও ভাঙেনি ইরানের শাসনব্যবস্থা; হামলার মুখেও সংহতি অটুট দেখছে মার্কিন গোয়েন্দারা

টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের শাসনব্যবস্থা এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। এমনকি অদূর ভবিষ্যতে দেশটির বর্তমান সরকার ব্যবস্থা ভেঙে পড়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। তা সত্ত্বেও দেশটির ধর্মীয় নেতৃত্বের ভেতরে সংহতি ও প্রশাসনিক চেইন অফ কমান্ড বজায় রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট তিনটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে ইরানের বর্তমান নেতৃত্বের ভেতরে অটুট ঐক্যের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।

এদিকে, ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে, এই যুদ্ধের মাধ্যমে ইরানের ধর্মীয় সরকারের পতন ঘটবে—এমন কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। অর্থাৎ, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের যে লক্ষ্য ছিল, তা এখনই সফল হওয়ার নিশ্চয়তা পাচ্ছে না তেল আবিব।

তবে মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছেন যে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ইরানের অভ্যন্তরীণ জনমনে এর প্রতিক্রিয়া যেকোনো সময় মোড় নিতে পারে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ (ODNI), সিআইএ কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *