জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে। আর তাই প্রতিভাদীপ্ত তারুণ্যের সকল সম্ভাবনা কাজে লাগাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, সেদিন সূদূর নয় যেদিন আমাদের তরুণদের তৈরি বিমান আকাশে উড়বে, সে দিনও সামনে যেদিন নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র থেকে আমাদের স্যাটেলাইট মহাশূন্যে যাত্রা করবে, সেদিন সমাগত যেদিন মহাকাশ গবেষণায় আমাদের মেধাবী প্রজন্ম নতুন নতুন সাফল্য অর্জন করবে।

শনিবার (০২) সকালে লালমনিরহাট বিমানবন্দরের অস্থায়ী ক্যাম্পাসে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত প্রতিষ্ঠায় মন্ত্রী সকল সহযোগিতার আশ্বাস দেন।

ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ২০১৯ সালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ০৪টি ডিপার্টমেন্টে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০০ জন।

মন্ত্রী এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়া সম্বলিত বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *