টিসিবির লাইনে কাঁদা সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; পাশে দাঁড়ালেন তারেক রহমান

টিসিবির লাইনে দীর্ঘ ৫ ঘণ্টা দাঁড়িয়েও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়া নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়ার কান্না থামালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ওই বৃদ্ধার বাড়িতে মাসব্যাপী খাদ্যসামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সম্প্রতি নাটোর সদর উপজেলার হাপানিয়া গ্রামে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয়েছিল সুকমন বেওয়াকে। বার্ধক্যের ভার আর রিক্ত হাতে ফেরার সেই করুণ আকুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি অবিলম্বে ওই বৃদ্ধাকে সহায়তা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, শনিবার (১৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে একদল নেতাকর্মী সুকমন বেওয়ার বাড়িতে উপস্থিত হন। তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক মাসের চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং বিশেষ ঈদ উপহার তার হাতে তুলে দেন। অভাবের দিনে অভাবনীয় এই সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা সুকমন।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই সামান্য উপহার পৌঁছে দিয়েছি। সাধারণ মানুষের প্রতিটি দুঃখ-কষ্টে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।” স্থানীয়রা মনে করছেন, এই পদক্ষেপ সাধারণ মানুষের প্রতি নেতৃত্বের সংবেদনশীলতার এক অনন্য দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *