ইরানের রাজধানী তেহরানে আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর চেকপোস্টগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সরাসরি সামরিক স্থাপনার বাইরে রাস্তার নিরাপত্তা চৌকিতে এ ধরনের হামলা ইসরায়েলের যুদ্ধকৌশলে এক নতুন মাত্রা যোগ করেছে। একই সময়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও মার্কিন বাহিনীর মধ্যেও পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।
গত জানুয়ারিতে দেশজুড়ে বিক্ষোভের পর থেকে তেহরানসহ বিভিন্ন শহরে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করেছিল ইরান সরকার। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত বুধবার রাত থেকে এসব চেকপোস্টে ড্রোন হামলা শুরু হয়। এতে বেশ কয়েকজন বাসিজ সদস্য হতাহত হয়েছেন।
পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, ইরানি নাগরিকদের দেওয়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইসরায়েলি কমান্ডাররা এই হামলা পরিচালনা করছেন। তথ্য পাচার ঠেকাতে গত ১৬ দিন ধরে ইরানে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প ও অবৈধ নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে এখনো তথ্যের আদান-প্রদান চলছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে কড়া নিরাপত্তার মধ্যেও চেকপোস্টগুলোর নিখুঁত অবস্থান চিহ্নিত করে ড্রোন আঘাত হানতে সক্ষম হচ্ছে।
