শরিফ ওসমান হাদি হত্যা: দুই ঘাতককে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকা থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাটের অধিবাসী ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি কলকাতাস্ত বাংলাদেশ উপ-হাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ স্বীকার করেছেন যে, তিনি এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম এবং আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকতে সহায়তা করেছিলেন। পরে বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে তিনি নিজেও সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে আত্মগোপন করেন।

এর আগে গত ৭ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে এই মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বর্তমানে ফিলিপ সাংমা পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হয়েছে। তাঁকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *