তেহরানে ইসরায়েলি বিমান হামলায় ইরানের দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়ে আরও দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্রবারের হামলায় ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা পরিদপ্তরের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা আবদুল্লাহ জালালি-নাসাব ও আমির শরীয়ত নিহত হয়েছেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জালালি-নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে আমির শরীয়তের বিষয়ে তারা এখনো কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের দাবি, এই দুই কর্মকর্তার মৃত্যু ইরান সরকারের কমান্ড ও কন্ট্রোল কাঠামোর জন্য একটি ‘বড় ধরনের ধাক্কা’।

ইসরায়েল জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর গত দুই সপ্তাহে তারা পশ্চিম ও মধ্য ইরানের লক্ষ্যবস্তুগুলোতে ৪০০ বার বিমান হামলা চালিয়েছে। শুধুমাত্র শনিবারেই ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র মজুত কেন্দ্র রয়েছে। অন্যদিকে, ইরানের অন্যান্য অংশে হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র।

বর্তমান যুদ্ধে ইরান তার শীর্ষ পর্যায়ের প্রায় সব সামরিক কমান্ডারকে হারিয়েছে। নিহতদের তালিকায় রয়েছেন সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আবদুর রহিম মুসাভি, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে এবং আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর থেকেই দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামো এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

সূত্র : সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *