রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
আজ রোববার (১৫ মার্চ, ২০২৬) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর যাত্রায় মির্জা আব্বাসের সাথে থাকছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের সন্তান মির্জা ইয়াসির আব্বাস।
গত শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের একটি সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, সিটি স্ক্যান প্রতিবেদন সন্তোষজনক এসেছে। তবে উন্নত ও বিশেষজ্ঞ চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও মেডিকেল বোর্ড।
