বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের বিস্তারিত সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও মানসম্মত করতে প্রথমবারের মতো এই কাঠামোবদ্ধ সিলেবাস নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী ১৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এনটিআরসিএ-র ওয়েবসাইট অনুযায়ী, ৮০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন নিচে দেওয়া হলোঃ-
- বাংলা, ইংরেজি ও আইসিটিঃ- প্রতিটিতে ১০ করে মোট ৩০ নম্বর।
- মানসিক দক্ষতা ও সাধারণ জ্ঞান: ১০ নম্বর।
- প্রশাসনিক ব্যবস্থাপনা: ১০ নম্বর।
- আর্থিক ব্যবস্থাপনা: ১০ নম্বর।
- সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থাপনা: ২০ নম্বর।
তিনটি শিক্ষা অধিদপ্তরের অধীনে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যেঃ-
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরঃ- ১০ হাজার ২৭৮টি পদ।
- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরঃ- ৩ হাজার ১৩১টি পদ।
- কারিগরি শিক্ষা অধিদপ্তরঃ- ১৪০টি পদ।
অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সুপার ও সহকারী সুপার পদের এই বিশাল নিয়োগ দেশের বেসরকারি শিক্ষাব্যবস্থার প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
