ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার প্রকাশ্য হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৫ মার্চ) বাহিনীর নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে এই কঠোর বার্তা দেওয়া হয়।
বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে অভিহিত করে আইআরজিসি জানায়, “এই অপরাধী যদি জীবিত থাকে, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব।” গত ১ মার্চ ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর থেকেই তেহরান ও তেল আবিবের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে।
এদিকে রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট নিউজ’। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সময়ে মধ্য ইসরায়েলে সতর্কসংকেত বা সাইরেন বেজে ওঠে এবং লেবানন থেকে আসা একটি প্রজেক্টাইল শনাক্ত করে ধ্বংস করা হয়। সম্ভাব্য হামলার আশঙ্কায় দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে হোম ফ্রন্ট কমান্ড।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা কফার ইউভাল বসতির উত্তরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে। গত ৭ মার্চ থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সীমান্তে সরাসরি সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা চলছে।
