খোদ ইসরায়েলেই তোলপাড়: ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই নিরাপত্তা বৈঠকে ‘অনুপস্থিত’ নেতানিয়াহু

ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ এবং নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার উত্তেজনার মধ্যেই এবার এক রহস্যজনক ঘটনার সাক্ষী হলো ইসরায়েল। কোনো ধরনের আগাম ঘোষণা বা কারণ ছাড়াই রোববারের (১৫ মার্চ) উচ্চপর্যায়ের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর এই প্রথম এমন গুরুত্বপূর্ণ সভায় তাঁর অনুপস্থিতি দেশজুড়ে ব্যাপক জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

সংবাদমাধ্যম ‘রয়া নিউজ’ ও ‘গ্লোব অবজারভার’- এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছিল। সাধারণত এ ধরনের সভার সভাপতিত্ব নেতানিয়াহু নিজেই করেন, তবে আজ তাঁর পরিবর্তে ইসরায়েল কাটজ বৈঠকটি পরিচালনা করেন। প্রধানমন্ত্রীর এই ‘নিখোঁজ’ হওয়ার বিষয়টি খোদ মন্ত্রিসভার সদস্যদেরও অবাক করেছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলা চলছে, সেখানে সরকারপ্রধানের এমন রহস্যজনক অনুপস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তিনি অসুস্থ, নাকি বিশেষ কোনো কৌশলগত কারণে জনসমক্ষে আসছেন না – তা নিয়ে ইসরায়েলজুড়ে চলছে নানা আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *