হরিপুরে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাইয়ের অভিযোগ: গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ও নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ অন্তত ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ (শুক্রবার) হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা চলাকালে একদল ব্যক্তি অতর্কিত সেখানে প্রবেশ করে উত্তেজনার সৃষ্টি করে। অভিযোগ উঠেছে, তারা জোরপূর্বক পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়, যার ফলে নিয়োগ কার্যক্রম পণ্ড হয়ে যায়।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের নাম উল্লেখ এবং আরও ৩৫-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। পুলিশ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় যাদুরানী বাজার এলাকা থেকে উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার নীলগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়োগ পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গ ও নথিপত্র ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *