ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ঘাতক ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও তাদের ৪ মাস বয়সী কন্যাসন্তান নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের মির্জারকোট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের ১০ বছর বয়সী আরেক ছেলে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকার শরিফুল ইসলাম (৩৮), তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) এবং তাঁদের শিশুকন্যা হুজাইফা। শরিফুল ইসলাম পাটগ্রামে ‘পদক্ষেপ’ এনজিওতে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শরিফুল ইসলাম পরিবারসহ মোটরসাইকেলে করে নিজ গ্রাম মনসাপুরের উদ্দেশে রওনা হন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বুড়িমারী স্থলবন্দরগামী একটি অজ্ঞাত খালি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়। স্থানীয়রা শরিফুল ও তাঁর শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁরাও মারা যান। দুর্ঘটনায় আহত শোহান হোসেনের (১০) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। বড়খাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
