প্রস্তুত হচ্ছে ‘যমুনা’: অপচয় কমিয়ে সাশ্রয়ী সংস্কারে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন

জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ২৮ ফেব্রুয়ারি যমুনা ত্যাগ করার পর থেকেই এর সংস্কার কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী, যমুনার সংস্কার কাজে কোনো ধরনের অতিরিক্ত ব্যয় বা অপচয় করা হচ্ছে না। গণপূর্তের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ভেতরে শুধু রঙ করা এবং হাইজেনিক ওয়াশ (জীবাণুমুক্তকরণ) করা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী সবসময়ই বাহুল্য খরচ পরিহার করতে চান। তাই আমরা খুব অল্প বাজেটের মধ্যে সাশ্রয়ীভাবে বাসভবনটি প্রস্তুত করেছি।”

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে যমুনায় কয়েকটি রাষ্ট্রীয় কর্মসূচি পালন করলেও সেখানে স্থায়ীভাবে বসবাসের তারিখ এখনো জানাননি। তবে নির্দেশনা পেলে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে সম্পূর্ণ প্রস্তুতির নিশ্চয়তা দিয়েছে গণপূর্ত বিভাগ।

অন্যদিকে, মিন্টো রোডের সরকারি বাসভবনে ঈদের পরই উঠবেন প্রধান বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া মিন্টো রোডের মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত বাংলোগুলোর সংস্কার কাজও দ্রুতগতিতে চলছে। কয়েকটি বাংলো ঈদের আগে এবং বাকিগুলো ঈদের পর বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *