কাবুলের হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা; নারী ও শিশুসহ নিহত ৪০০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। সোমবার (১৬ মার্চ) রাতের এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২৫০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার রাত ৯টার দিকে কাবুলের ‘ওমর আসক্তি চিকিৎসা’ হাসপাতালে এই হামলা চালানো হয়। ২ হাজার শয্যার এই বিশাল হাসপাতালটির একটি বড় অংশ বোমা হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তবে পাকিস্তান এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, তারা কেবল কাবুল ও নানগারহার প্রদেশে তালেবান এবং পাকিস্তানি যোদ্ধাদের সামরিক স্থাপনা ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে ‘নির্ভুল’ হামলা চালিয়েছে। কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি।

হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা আগেই দুই দেশের সীমান্তে গোলাগুলিতে চার আফগান নাগরিক নিহত হন। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে গত তিন সপ্তাহ ধরে চলা সংঘর্ষ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রূপ নিয়েছে। এই বিমান হামলার ঘটনা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *