পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের স্রোত নেমেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনে যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা গেছে। ট্রেনের আসন পেতে এবং কামরায় জায়গা করে নিতে যাত্রীদের মরিয়া লড়াই করতে দেখা যায়।
সকাল থেকেই উত্তরবঙ্গের ট্রেনগুলো প্ল্যাটফর্মে আসার সাথে সাথে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। ভেতরে জায়গা না পেয়ে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বসতেও দেখা গেছে। তবে উত্তরবঙ্গের তুলনায় পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোতে যাত্রীর চাপ ছিল কিছুটা কম।
রংপুরগামী যাত্রী রফিক জানান, “কমলাপুর স্টেশনে হাজার হাজার মানুষ। সবাই স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে। ভিড় বেশি হলেও বাড়ি ফেরার আনন্দই আলাদা।” সরকারি চাকরিজীবী রবিউল বলেন, “বউ-বাচ্চাকে আগেই পাঠিয়ে দিয়েছি। মানুষ দেখে একটু শঙ্কায় থাকলেও ট্রেন ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে দেখে ভালো লাগছে।”
একটি ট্রেন বাদে বাকি সব ট্রেনের শিডিউল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকালে কেবল ‘নীলসাগর এক্সপ্রেস’ ছাড়া প্রতিটি ট্রেনই কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।
