যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডো ও ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। শুক্রবার (৬ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত চারজন নিহত এবং ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
জাতীয় আবহাওয়া সংস্থা সতর্কতা জারি করার কিছুক্ষণ পরই মিশিগানের থ্রি রিভার্স ও ইউনিয়ন সিটি এলাকায় টর্নেডো আঘাত হানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শক্তিশালী ঘূর্ণিঝড় বসতবাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসাবশেষ বাতাসে উড়ছে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে ভাঙাচোরা ভবন, দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি এবং উপড়ে পড়া বিদ্যুতের খুঁটি ও গাছপালার ভয়াবহ দৃশ্য উঠে এসেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্রাঞ্চ কাউন্টি এলাকায়, যেখানে তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ক্যাস কাউন্টি এলাকায় একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঝড়ের তাণ্ডবে শত শত মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। অনেক জায়গায় ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাইলের পর মাইল বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার অঙ্গরাজ্যের জরুরি অপারেশন কেন্দ্র (Emergency Operations Center) চালু করার ঘোষণা দিয়েছেন।
