কবে হবে পবিত্র ঈদুল ফিতর? সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ক্ষণ গণনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বের দেশগুলোতে কবে নাগাদ শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে এবং ঈদ কবে হতে পারে, তার একটি সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, গাণিতিক হিসাব অনুযায়ী চলতি বছরে আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ২০ মার্চ (শুক্রবার) শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

২৯তম রমজানে চাঁদ দেখার সম্ভাবনার বিষয়ে ইব্রাহিম আল জারওয়ান বলেন, “আগামী বুধবার (২৯ রমজান) আরব দেশগুলোর আকাশে নতুন চাঁদের (অর্ধচন্দ্র) দেখা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।” যদি কোনো কারণে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ঈদ হবে। অন্যথায় ৩০ রোজা পূর্ণ করে শুক্রবারই ঈদ পালন করবে মধ্যপ্রাচ্য।

ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র মাসের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়। চন্দ্র বছর ৩৫৪ বা ৩৫৫ দিনের হওয়ায় ইংরেজি ক্যালেন্ডারের তুলনায় প্রতি বছর ঈদ প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। আরবের আকাশে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই সাধারণত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদের তারিখ নির্ধারিত হয়।

সূত্র: দ্য ন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *