টানা ৭ দিনের লম্বা ছুটিতে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট বা ধীরগতি। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর পর্যন্ত কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।
মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কড্ডার মোড়, নলকা ও হাটিকুমরুল গোলচত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি। তবে ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো স্বাভাবিক গতিতেই যমুনা সেতু পার হয়ে গন্তব্যে যাচ্ছে।
ঢাকা থেকে রাজশাহীগামী এক যাত্রী বলেন, “বিগত বছরগুলোতে এই মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হতো। কিন্তু এবার কোনো যানজট না থাকায় খুব দ্রুত বাড়ি পৌঁছাতে পারব আশা করছি।” এসআই এন্টারপ্রাইজের বাসচালক আজাদ রহমান জানান, মহাসড়ক নিয়ে যে আতঙ্ক কাজ করত, এবার তার ছিটেফোঁটাও নেই।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) সাইফুল ইসলাম জানান, সেতু পশ্চিমপাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বলেন, “সকাল থেকে চাপ বাড়লেও কোনো ধীরগতি নেই। বিকেলের দিকে চাপ আরও বাড়তে পারে, তবে আমাদের প্রস্তুতি পর্যাপ্ত রয়েছে।”
