পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ। মুসলিম উম্মাহর কাছে দিনটি ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। সারাবিশ্বের মতো বাংলাদেশেও আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালিত হবে পবিত্র জুমাতুল বিদা।
রমজানের বিদায়ী এই জুমায় অংশ নিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদগুলোতে ভিড় করবেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। আরবি ‘বিদা’ শব্দের অর্থ বিদায়, আর জুমাতুল বিদা মানে শেষ জুমা। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ শুক্রবার হিসেবে দিনটি অত্যন্ত গুরুত্ববহ।
আজ জুমার নামাজের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার গুরুত্ব ও রমজানের আমল নিয়ে বিশেষ আলোচনা করবেন। নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়ার প্রস্তুতি নিয়েছেন সাধারণ মুসল্লিরা।
