ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে দেশের ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু হয় এই উৎসব। বৃষ্টির বাধা উপেক্ষা করেই মুসল্লিরা সামিল হন ঈদের জামাতে।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেন। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসনসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
রাজধানী ঢাকা এখন প্রায় ফাঁকা থাকলেও শাহবাগ, রমনা পার্ক, হাতিরঝিল ও মিরপুর চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দুপুর গড়ানোর সাথে সাথেই দেখা গেছে উৎসবপ্রিয় মানুষের উপচে পড়া ভিড়। সেমাই, পায়েস আর নতুন পোশাকের সুবাসে মুখর প্রতিটি ঘর। সরকারি হাসপাতাল, এতিমখানা ও কারাগারগুলোতেও পরিবেশন করা হয়েছে উন্নতমানের খাবার।
