কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় ১২ মৃত্যু: সব হাইওয়ে রেলগেট ‘অটোমেটিক’ করার ঘোষণা কৃষিমন্ত্রীর

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দেশের সব হাইওয়ে রেলগেট ‘অটোমেটিক সিস্টেম’ করার পরিকল্পনা করছে সরকার।

গতকাল শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসকে ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন, যার মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুটি শিশু রয়েছে। এছাড়া আরও ২৪ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “বিশ্বের আধুনিক দেশগুলোতে ট্রেন নির্দিষ্ট দূরত্বে পৌঁছালেই গেট অটোমেটিক বন্ধ হয়ে যায়। পদুয়ার বাজারে গেটম্যান না থাকার কারণেই এত বড় বিপর্যয় ঘটেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সব রেলগেট অটোমেটিক করার চেষ্টা করব।” তিনি আরও জানান, আগামী সরকারি বৈঠকে এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, রেলগেটের সিগন্যালম্যানের চরম অবহেলার কারণেই এই প্রাণহানি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *