যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) ভ্যালেরো শোধনাগারের একটি অংশে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পুরো শহর কেঁপে ওঠে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শোধনাগারের একটি হিটিং ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর এলাকায় পচা ডিমের মতো উৎকট গন্ধ (সালফার) ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ পশ্চিম প্রান্তের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করে। জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানান, পরিস্থিতির ভয়াবহতায় দিনভর এলাকার বায়ুর মান পর্যবেক্ষণ করা হয়েছে।

ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোধনাগারের প্রায় ৭৭০ জন কর্মীর সবাই নিরাপদ আছেন এবং সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এই শোধনাগারটি থেকে প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেলের বেশি গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদিত হয়। বর্তমানে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *