পরিচালক আদিত্য ধরের গুপ্তচরভিত্তিক থ্রিলার ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আবারও কড়া সমালোচনায় সরব হলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। তাঁর নতুন ভিডিও “ধুরন্ধর টু এক্সপোজড”-এ তিনি দাবি করেছেন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমাটি বাস্তব ঘটনার নামে দর্শকদের বিভ্রান্ত করছে।
ধ্রুবর মতে, ছবিটি ‘বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত’ দাবি করলেও আসলে এটি “হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড থেকে বানানো গল্প”। সিনেমার শুরুতে থাকা ডিসক্লেমার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এটি এক ধরনের “আইনি চালাকি”, যার মাধ্যমে নির্মাতারা সত্য ও কল্পনার মিশ্রণ ঘটিয়ে নিজেদের দায় এড়াতে চান।
ভিডিওতে ধ্রুব বিশেষ করে নোটবন্দির বিষয়টি যেভাবে ছবিতে দেখানো হয়েছে, তা নিয়ে তীব্র আপত্তি তোলেন। তিনি বলেন, সিনেমাতে নোটবন্দিকে বিশাল সাফল্য হিসেবে দেখানো হলেও বাস্তবে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছিলেন এবং এটিএমের লাইনে দাঁড়িয়ে অনেকের মৃত্যু হয়েছিল। এছাড়া কোনো জাতীয় রাজনৈতিক দলকে ‘দেশবিরোধী’ হিসেবে সিনেমায় ফুটিয়ে তোলার বিষয়ে তিনি ভারতের নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন।
রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন ও সঞ্জয় দত্ত অভিনীত এই ছবিটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১০০০ কোটির বেশি আয় করেছে। সিক্যুয়েলটিতে রণবীর সিংয়ের চরিত্র ‘হামজা আলি মাজারি’র উত্থান এবং অতীত জীবনের গল্প তুলে ধরা হয়েছে। তবে ধ্রুবর এই ভিডিওর পর সিনেমাটি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে
