জ্বালানি ডিপোতে তেল সরবরাহের নতুন সময়সূচি নির্ধারণ করল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় এবং দেশে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিপিএসির অধীন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম শুরু হবে সকাল ৭টায় এবং শেষ হবে বিকেল ৩টায়। এর আগে ডিলার ও পাম্প মালিকরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেল সংগ্রহের সুযোগ পেতেন। মূলত সরবরাহ চেইনকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতেই এই ২ ঘণ্টা সময় এগিয়ে আনা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে, বর্তমানে দেশে তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে কোনো অসাধু চক্র যেন কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুত করতে না পারে, সেজন্য কঠোর অবস্থানে রয়েছে সরকার। ইতিমধ্যে দেশের ১৯টি গুরুত্বপূর্ণ ডিপোতে নিরাপত্তা ও বিপণন শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি প্রতিটি পেট্রোল পাম্পের তদারকিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের মাধ্যমে নিয়মিত মনিটরিং নিশ্চিত করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *