সারাদেশের ওপর দিয়ে কালবৈশাখীর আমেজ বইতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে, ঢাকাসহ দেশের ১৩টি জেলায় আজ দিবাগত রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে আগামী দুদিন দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
