বাহরাইনজুড়ে জরুরি সতর্কতামূলক সাইরেন; মধ্যপ্রাচ্যে বড় হামলার আশঙ্কা

উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনার মাঝে বড় ধরনের হামলার আশঙ্কায় বাহরাইনজুড়ে জরুরি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বার্তায় নাগরিক ও প্রবাসীদের শান্ত থেকে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বাহরাইন সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে এই সাইরেন সক্রিয় করা হয়েছে। তবে ঠিক কী ধরনের সুনির্দিষ্ট হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত মিলিশিয়া ও প্রক্সি গোষ্ঠীগুলোর সম্ভাব্য নাশকতার আশঙ্কায় চরম উদ্বেগের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডান তাদের ভূখণ্ডে চালানো ইরানি প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে।

গত বুধবার কুয়েত সরকার রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের নেতাদের হত্যার একটি ছক নস্যাৎ করার দাবি করেছে। এই অভিযানে গ্রেপ্তার হওয়া ছয়জন সন্দেহভাজন ব্যক্তি ইরানের শক্তিশালী প্রক্সি সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, জর্ডান ও সৌদি আরবের মতো দেশগুলো বর্তমানে তাদের সীমান্ত নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাতের দিকে এই অঞ্চল মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *