শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুইজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন – মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মালেক খান ও ছাত্রলীগ নেতা শাওন হাওলাদারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। ৫ আগস্টের পর শাওন ও তাঁর অনুসারীরা এলাকা ছাড়লেও সম্প্রতি ঈদে বাড়ি ফেরেন। অভিযোগ উঠেছে, বিরোধ মীমাংসার কথা বলে মালেক খানসহ অন্যদের শাওনের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ ভিডিও দেখে স্থানীয়রা ‘৯৯৯’-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
