১৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিশাল এলাকা জুড়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (১০ মে) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, রাত ১টার মধ্যে দেশের ১৮টি জেলার ওপর দিয়ে তীব্র ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। একই সঙ্গে সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী—রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তবে আগামী ১৩ ও ১৪ মে থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস রয়েছে।

লঘুচাপের প্রভাবে সমুদ্র ও নদীবন্দর সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের প্রবণতা বাড়ার আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *