৫ আগস্টের আগে-পরের সব হত্যার বিচার হবে: আইজিপি

৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে ও পরে পুলিশ সদস্যসহ সংঘটিত সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

৫ আগস্টের ক্রান্তিকালে পুলিশ হত্যার বিচার নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই এখন পুলিশের প্রধান লক্ষ্য।

রাস্তায় নেমে অবরোধের সংস্কৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, “কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে, এটি ঠিক নয়। এতে সবারই ক্ষতি হয়।” সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এবার ইতিহাসে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে।

দেশে মাদকের আশঙ্কাজনক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বলবৎ রয়েছে। তরুণ সমাজকে রক্ষায় মাদকের কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ এএসপি কর্মকর্তাদের শিক্ষা সমাপনী পাসিং আউট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন আইজিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *