বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করেছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আপোসের শর্তে নোবেলকে অস্থায়ী জামিন দিয়েছিলেন আদালত। জামিনের শর্ত ছিল বাদীর পাওনা অর্থ ফেরত দেওয়া অথবা বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করা। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর নোবেল কোনো শর্তই পূরণ করেননি। পাওনা ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা ফেরত না দেওয়ায় এবং আপোসে ব্যর্থ হওয়ায় আদালত তার জামিন বাতিলের আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান নোবেল। ২০২৩ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করায় ২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি দায়ের করা হয়। পিবিআই-এর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ৩ ফেব্রুয়ারি নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, নোবেলের বিরুদ্ধে এটিই একমাত্র মামলা নয়। ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় দায়ের করা এক মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তৎকালীন সময়ে কারাগারে থাকা অবস্থায় মামলার বাদীকে বিয়ে করার শর্তে পাঁচ দিন পর জামিন পেয়েছিলেন তিনি।
