ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। তারকাবহুল এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বরেণ্য অভিনেত্রী বিপাশা হায়াত। সম্প্রতি এক পডকাস্টে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
বিপাশা হায়াত জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে একটি চরিত্রের জন্য ফোন করেছিলেন। কিন্তু চরিত্রটিতে শারীরিক পরিশ্রমের সুযোগ কম থাকায় তিনি সেটি গ্রহণ করেননি। অভিনেত্রী বলেন, “আমি সবসময় এমন কাজ করতে চাই যেখানে আমি শারীরিকভাবে পরিশ্রম করতে পারি। সেখানে আমার সেই পরিশ্রমের সুযোগ কম থাকায় আমি কাজটি গ্রহণ করিনি।” তবে সিনেমাটির সাফল্য নিয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন এবং এটি খুব ভালো হয়েছে বলে শুনেছেন।
দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পর ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার এবং আজমেরী হক বাঁধনের মতো তারকারা অভিনয় করেছেন। তবে সিনেমার সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম জুটি।
ইউসিবি নিবেদিত এই চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস।
