ফুটবল ক্যারিয়ারের সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মাঠের জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি এবার পুরোদস্তুর ক্লাব মালিকানায় নাম লেখালেন তিনি। স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউডি কর্নেল্লা (UD Cornellà)-এর পুরো মালিকানা কিনে নিয়েছেন এই ফুটবল মহাতারকা।
কাতালান অঞ্চলের এই ক্লাবটি মূলত তাদের একাডেমি এবং উন্নত মানের তরুণ ফুটবলার তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত। বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা কিংবা বর্তমানের ডেভিড রায়ার মতো প্রতিভাবান খেলোয়াড়রা এই কর্নেল্লা থেকেই উঠে এসেছেন। তরুণ ফুটবলারদের ভিত্তি গড়ার ক্ষেত্রে এই ক্লাবের সুনাম দেখেই মেসি এখানে বিনিয়োগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মেসির আগমনে কর্নেল্লায় এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। মেসির দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ক্লাবের ক্রীড়া উন্নয়ন, কাঠামোগত শক্তি বৃদ্ধি এবং বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভা বিকাশে সর্বোচ্চ জোর দেওয়া হবে।
ইউরোপে এটি মেসির প্রথম পূর্ণাঙ্গ ক্লাব মালিকানা হলেও, ফুটবল ব্যবসায় তিনি নতুন নন। এর আগে উরুগুয়ের একটি ক্লাবে সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি অনূর্ধ্ব-১৬ পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করে তিনি প্রমাণ করেছেন যে, বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে তিনি কতটা আন্তরিক। কর্নেল্লা অধিগ্রহণ সেই পরিকল্পনারই একটি অংশ।
