যশোরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কৃষকের মৃত্যু; লণ্ডভণ্ড ঘরবাড়ি ও ফসল

যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলায় দুপুরের পর আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে মণিরামপুরের শাহাপুর গ্রামে লুৎফর রহমান সরদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আড়াই ঘণ্টার এই তাণ্ডবে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৬টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং অসংখ্য জায়গায় তারের ওপর গাছ উপড়ে পড়েছে। ফলে ঝাঁপা, হরিহরনগর ও রাজগঞ্জসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার হাদিউজ্জামান জানিয়েছেন, দ্রুত মেরামতের কাজ চললেও আজ রাতের মধ্যে সব এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক করা সম্ভব হবে না।

ঝড়ে ২০টির বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং অনেক বাড়ির টিনের চাল উড়ে গেছে। মণিরামপুরের মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার ছাদের ওপর গাছ পড়ে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলাউদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রায় ১৫০ বিঘা জমির বোরো ধান বাতাসে হেলে পড়েছে। এছাড়া শিলাবৃষ্টি ও বাতাসের কারণে আম ও কাঁঠালের বাগানে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। বর্তমানে কৃষি অফিস থেকে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আহতদের মধ্যে ৯ জন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *