৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনরায় পালন এবং দিনটিতে সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ৬ জুলাইকে ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, প্রতি বছর ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে। অন্যদিকে, পল্লী উন্নয়নের গুরুত্ব বিবেচনায় ৬ জুলাইকে ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে, তবে এদিন কোনো সাধারণ ছুটি থাকবে না।
বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সচিব জানান, ২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ার বা সৌর শক্তি ব্যবহার করে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই লক্ষ্যমাত্রা অর্জনে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ বৈঠকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
