মাউন্ট ভার্নন হাসপাতালের উদ্দেশে দেশ ছাড়ছেন ইলিয়াস কাঞ্চন

দেশি-বিদেশি স্বজন ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে ব্রেন টিউমারের পরবর্তী ধাপের উন্নত চিকিৎসার জন্য আবারও যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ছেন বরেণ্য অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার নির্ধারিত একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার চিকিৎসা সফরে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তাঁর স্ত্রী এবং জামাতা আরিফুল ইসলাম কলিন্সও সঙ্গী হচ্ছেন।

লন্ডনে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি না হয়ে প্রায় এক সপ্তাহ বিশ্রামে থাকবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এরপর পূর্বনির্ধারিত বিখ্যাত চিকিৎসাকেন্দ্র ‘মাউন্ট ভার্নন হাসপাতালে’ শুরু হবে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা। মূলত নতুন সিটি স্ক্যান (CT Scan) ও এমআরআই (MRI) রিপোর্ট পাওয়ার পরই মেডিকেল বোর্ড তাঁর পরবর্তী চিকিৎসা পদ্ধতি বা কৌশল নির্ধারণ করবেন। সফরকালে তিনি পূর্ব লন্ডনের বার্কিংয়ে নিজের মেয়ে ইমা ইসলামের বাসভবনে অবস্থান করবেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসকদের জটিল অস্ত্রোপচারে তাঁর ব্রেন টিউমারের বড় একটি অংশ সফলভাবে অপসারণ করা হয়। তবে অতি ঝুঁকির কারণে পুরো অংশ সরানো সম্ভব হয়নি। পরবর্তীতে টানা তিন মাস সপ্তাহে ৫ দিন করে মোট ৬০টিরও বেশি কেমোথেরাপি এবং ওরাল থেরাপির দুটি ধাপ সম্পন্ন করেছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ চিকিৎসায় ইতিবাচক ফল এসেছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থাতে সন্তোষ প্রকাশ করেছেন এবং চিকিৎসায় টিউমারের আকারও উল্লেখযোগ্যভাবে কমেছে।

গত ৩ আগস্ট চিকিৎসা শেষে দেশে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশের মাটিতে অবস্থানকালে চিত্রনায়ক আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা, চম্পা ও মুক্তিসহ চলচ্চিত্রের গুণীজনেরা তাঁর সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। গত ৭ আগস্ট নিসচার ১১তম মহাসমাবেশেও তিনি উপস্থিত ছিলেন।

দেশ ছাড়ার আগে আশাবাদ ব্যক্ত করে ইলিয়াস কাঞ্চন বলেন, “প্রিয়জনদের সান্নিধ্যে কিছুটা স্বস্তি পেয়েছি। সবাই আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন, যেন চিকিৎসা শেষ করে দ্রুত মাতৃভূমিতে ফিরতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *