অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ২০২৬’-এ অংশ নিতে উড়াল দিচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। এবারের টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইরফান শুক্কুর। আগামী ১৪ আগস্ট ডারউইনের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর আগেই অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ স্কোয়াড।
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট, নিউজিল্যান্ড ‘এ’ এবং নেপাল জাতীয় দল ছাড়াও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরও ৬টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় গত কয়েক বছর ধরেই নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ।
ঘোষিত টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ২২ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ইরফান শুক্কুরের দল। এরপর যথাক্রমে হোবার্ট হারিকেন্স একাডেমি (২৩ আগস্ট), ভিক্টোরিয়া সিএ একাদশ (২৪ আগস্ট), অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি (২৫ আগস্ট), নিউজিল্যান্ড ‘এ’ (২৭ আগস্ট) এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের (২৮ আগস্ট) মুখোমুখি হবে টাইগাররা।
প্রথম পর্বে অংশ নেওয়া সবকটি দল ৬টি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দলকে নিয়ে আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। পরবর্তীতে একই দিনে সেমিফাইনালের দুই জয়ী দল মুখোমুখি হবে শিরোপার ফাইনাল লড়াইয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ ফেরাতে ও দলের গভীরতা বাড়াতে স্কোয়াডে রাখা হয়েছে সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীকে। এ ছাড়া তরুণ তুর্কি হাবিবুর রহমান সোহান, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি এবং রিপন মন্ডলও ডাক পেয়েছেন এই দলে।
বাংলাদেশ এইচপি দলের খেলার সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
| তারিখ | প্রতিপক্ষ | সময় |
| ২২ আগস্ট | নেপাল | দুপুর ২:৩০ মি. |
| ২৩ আগস্ট | হোবার্ট হারিকেন্স একাডেমি | দুপুর ১:৩০ মি. |
| ২৪ আগস্ট | ভিক্টোরিয়া সিএ একাদশ | সকাল ১১:০০ মি. |
| ২৫ আগস্ট | অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি | বিকাল ৩:৩০ মি. |
| ২৭ আগস্ট | নিউজিল্যান্ড ‘এ’ | দুপুর ১:৩০ মি. |
| ২৮ আগস্ট | নর্দার্ন টেরিটরি স্ট্রাইক | দুপুর ১:৩০ মি. |
| ৩০ আগস্ট | সেমিফাইনাল ও ফাইনাল | – |
ঘোষিত বাংলাদেশ এইচপি স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহরব হাসান, সাইমুন বশির রাতুল, রোহানাত দৌল্লা বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি এবং মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
