মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন ইছামতী নদীর ওপর নির্মিত নতুন সেতুটি সংযোগ সড়কের অভাবে দুই বছর ধরে অকেজো পড়ে আছে। প্রায় ১৯ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটির মূল কাঠামো ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হলেও এখন পর্যন্ত তা জনসাধারণের জন্য চালু করা সম্ভব হয়নি। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাশের জরাজীর্ণ পুরোনো সেতুটি ব্যবহার করছেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে ‘ধ্রুব কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এই সেতু নির্মাণের চুক্তি হয়। শর্ত অনুযায়ী এক বছরের মধ্যে সংযোগ সড়কসহ কাজ শেষ করার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী সাগর আহমেদ জানিয়েছেন, ভূমি অধিগ্রহণ ও দখল সংক্রান্ত জটিলতার কারণে তারা সংযোগ সড়কের কাজ শুরু করতে পারছেন না। মানিকগঞ্জ সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, দোকানগুলো উচ্ছেদ ও অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে কোনো পাকা সড়ক নেই। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী দোকান মালিকদের কারণে জমি দখলমুক্ত করা যাচ্ছে না। তবে দোকান মালিকদের দাবি, তাঁরা সরকারের নির্ধারিত ক্ষতিপূরণ পেলে দোকান সরিয়ে নিতে প্রস্তুত। এই টানাপোড়েনে মাঝখানে আটকে আছে সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের এই সেতু।
ঝিটকা মধ্যপাড়া এলাকার বাসিন্দা কৃষক আমিনুল ইসলাম জানান, নতুন সেতুটি চালু না হওয়ায় কৃষিপণ্য বাজারে আনা-নেওয়া করতে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশের রেলিং ভাঙা ও ফাটল ধরা সরু পুরোনো সেতু দিয়ে চলতে গিয়ে বড় যানবাহনগুলো যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
