মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। আজ সোমবার (২৭ এপ্রিল) রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর এই বার্তা পৌঁছে দেন তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে উপদেষ্টা কবির সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে প্রেরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ সংহতি পত্র হস্তান্তর করেন। বৈঠকে উপদেষ্টা উল্লেখ করেন যে, এই কঠিন সময়ে বাংলাদেশের সরকার ও জনগণ ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের পাশে রয়েছে।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করে সম্পর্ককে আরও বহুমুখী করার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান উপদেষ্টা। সৌদি উপমন্ত্রী বাংলাদেশের এই অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশ্বাস দেন।
