এনসিপিতে যোগ দিতে পারবেন অভিযোগমুক্ত সাবেক ছাত্রলীগ নেতারা

নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কোনো রাজনৈতিক সংগঠনের পরিচয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কাছে মুখ্য নয়। তবে এখন থেকে যারা দলে যুক্ত হবেন, তাদের অবশ্যই দলের আদর্শ ধারণ করে রাজনৈতিকভাবে সক্রিয় হতে হবে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জানান, যেসব সাবেক ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা নেই, তারাও এনসিপিতে যোগ দিতে পারবেন। তবে ফ্যাসিবাদ, গণহত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত বা সমর্থনকারীরা কোনোভাবেই দলে অন্তর্ভুক্ত হতে পারবেন না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা-কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন হয়নি এবং সংস্কারের সুযোগ নষ্ট হচ্ছে। তাই তরুণদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বাড়ছে, যা মোকাবিলায় একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা ও নতুন যোগদানকারীরা উপস্থিত ছিলেন। তারা এনসিপিকে শক্তিশালী করার এবং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *